কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে আইআরজিসি-সংশ্লিষ্ট চারজন আটক: রিপোর্ট
অনলাইন ডেস্ক
সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টার সময় ইরানের সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)’ সংশ্লিষ্ট চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত সরকারের পক্ষ থেকে এই দাবি করা হলো।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আটককৃত ব্যক্তিরা কুয়েতে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল।
কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের সময় নিজেদের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে স্বীকার করেছেন।
বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা কুয়েতের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভিযুক্তদের একজন আহত হয়। তবে ঘটনাস্থল থেকে আরও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতি কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাদের বিশেষভাবে ভাড়া করা একটি মাছ ধরার নৌকায় করে বুবিয়ান দ্বীপে প্রবেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে তারা কুয়েতের বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার পরিকল্পনা করছিল বলেও অভিযোগ করা হয়েছে।
বুবিয়ান হলো কুয়েতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ, যা ইরাক ও ইরানের জলসীমার কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তাগত দিক থেকে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত।
তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ইরান বা আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অভিযোগ নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে সীমান্ত ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কুয়েতের এই অভিযোগ সত্য প্রমাণিত হলে উপসাগরীয় অঞ্চলে ইরানবিরোধী অবস্থান আরও কঠোর হতে পারে এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কেও নতুন উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: আল-জাজিরা
