কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক চারজন (পুরুষ-২ ও মহিলা-২) অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের চারজন (পুরুষ-০২, মহিলা-০২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।
বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসফের উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮টার দিকে বিএসএফ ওই চারজন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরেয়ে নিয়ে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
