গভীর রাতে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা, অভিযোগ রফিকুল ইসলাম মাদানীর

অনলাইন ডেস্ক

মাহফিলের অনুষ্ঠান শেষে গভীর রাতে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েছেন বলে অভিযোগ করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তাঁর অভিযোগ, সড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় গাড়িতে রামদা দিয়ে আঘাতও করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তাঁরা নিরাপদে সেখান থেকে ফিরে আসেন বলে জানান তিনি।

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কে এ ঘটনা ঘটে বলে দাবি করেন রফিকুল ইসলাম মাদানী। ঘটনার পর ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ফেসবুক ভিডিওতে তিনি অভিযোগ করে বলেন, ‘নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়ার আগে এই রাস্তায় বড় বড় পাথর ফেলে আমাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। এবং ডাকাতির চেষ্টা করা হয়েছে। আমাদের গাড়িতে রামদা দিয়ে আঘাত দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেভ করেছেন। আমাদের ড্রাইভার খুব দ্রুত গতিতে গাড়িটা ব্যাক করে প্রায় দুই শত তিন শ গজ পেছনে নিয়ে যান। ’

তিনি জানান, ‘এই রাতে কুমিল্লা থেকে প্রোগ্রাম করে এসেছি। বড় বড় ইট ফেলে রামদা নিয়ে ডাকাতদল আমাদের অ্যাটাক করেছে। এই পরিস্থিতিতে তারা আমাদের ধরার দুই মিনিটের মধ্যে পুলিশ এসেছে। পুলিশ এসে আবার চলেও গেছে।’

তিনি বলেন, আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, পুলিশের গাড়ির সামনেই একটা সিএনজি ছিল। ওই সিএনজি থেকে দৌড়ে এসে পাথরগুলো সরিয়ে দিয়ে গাড়ি চলাচলের সুযোগ করে দিয়ে চলেও গেছে। আশ্চর্যের আরো বিষয় হলো, ডাকাতদল কোন দিকে গেল, কোনো খোঁজাখুঁজি নেই।

এ সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাতের বেলা প্রোগ্রাম করা যাচ্ছে না। আলেম-ওলামার গাড়ি আটকে দিয়ে ডাকাতি করতে আসতেছে। রামদা দিয়ে মেরে ফেলতে চাচ্ছে। এই রাস্তায় এত বড় বড় পাথর রাখা এবং এত মানুষ জড়িত হওয়া এটা কীভাবে সম্ভব? অবশ্যই সময় লেগেছে। এত সময়ে প্রশাসন কোথায় ছিল? তারা কী করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights