গরুর শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া, শিশু হত্যার অভিযোগে গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবেশীর শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে কাঠের আঘাতে ৩ মাসের শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত এক নারীর স্বামী দুলাল মিয়া ধোবাউড়া থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। অভিযুক্তরা হলেন উপজেলার সানন্দখিলা গ্রামে রোজিনা খাতুন এবং স্বামী রনি মিয়া।

গত বুধবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর এক নারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে লাগানো শিমগাছ খেয়ে ফেলে প্রতিবেশী রনি মিয়ার গরু। এ নিয়ে দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুন প্রতিবেশী রনির বাড়িতে গিয়ে তার স্ত্রী রোজিনাকে গরু বেঁধে রাখতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জায়েদাকে কাঠ দিয়ে আঘাত শুরু করেন রোজিনা। ওই সময় মুর্শেদ আলীর স্ত্রী শিল্পী আক্তার তার তিন মাস বয়সী ছেলে ইছাককে নিয়ে এগিয়ে যান। তখন একটি আঘাত শিশু ইছাকের মাথায় লাগে। পরে গুরুতর অবস্থায় শিশু ইছাক ও জায়েদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইছাক মারা যায়।
ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, মামলার প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে খুব দ্রুত গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights