গাংনীতে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের এক কর্মচারীকে মারধর, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার রাতে গাংনী থানায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান।

মামলার আসামিরা হলেন ইমন হোসেন, মো. গাফফার, মো. ইয়ামিন, মো. বশির, জামিরুল, সোলায়মান ও শামীম।

মামলার অভিযোগে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে গাংনী হাসপাতাল বাজার এলাকায় আবুল কালাম আজাদের ওপর হামলা চালিয়ে তাকে মারধর, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর জেলা রেজিস্ট্রারের নির্দেশে গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে।

গাংনী সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

তবে অভিযোগ অস্বীকার করে ইমন হোসেন বলেন, সরকারি ফি ছাড়া অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার অভিযোগে কয়েকজন আবুল কালাম আজাদকে আটকে রেখেছিলেন।

তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান বলেন, মামলাটি তদন্তাধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights