গাইবান্ধায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলায় ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম (২২) নামে যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। গ্রেফতার রবিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার কিশামত এলাকার মোশারফ হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয় ৫টার দিকে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং এসআরবি-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের যৌথ আভিযান পরিচালনা করে। এসময় ফেনী সদর উপজেলার সহদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌতুকের মামলায় রবিউল ইসলামকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আদালত ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন। সেইসাথে আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। রায়ের পর থেকে দন্ডপ্রাপ্ত রবিউল পলাতক ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
