গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের

অনলাইন ডেস্ক

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। তিনি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্কও করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি ‘প্রতিরোধের সূতিকাগার’ হিসাবে বর্ণনা করেন।
ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, আমেরিকানরা যদি সৎ হয়, তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে। আর তা হলো- ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা বাড়ানো হবে। এ ছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights