গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, নারী নিহত

অনলাইন ডেস্ক

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আঞ্জুয়ারা বেগম (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ শ্রমিক। নিহতের ননদ আরজিনা বেগম জানান, আঞ্জুয়ারাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর দুপুর সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই নারী সিরাজগঞ্জের কাজিপুর থানার চড় গ্রিস গ্রামের গার্মেন্টেস শ্রমিক জামাল বাদশা’র স্ত্রী। গাজীপুরের জরুন এলাকায় পরিবারের সাথে থাকতেন আঞ্জুয়ারা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া একই এলাকা থেকে জালাল উদ্দীন (৪২) নামে আরেক গার্মেন্টসকর্মী গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কোনাবাড়ী থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম গণমাধ্যমকে বলেন, নারীশ্রমিক নিহতের বিষয়টি এখনো নিশ্চিত নই। তবে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি পদদলিত হয়ে নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা জানা যায়নি।
এর আগে, বুধবার সকাল থেকে গাজীপুরে পোশাক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে। সকালে মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারীসহ অন্তত ১১ শ্রমিক আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights