গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে সিম তুলে বিক্রির অভিযোগ, গ্রেফতার ৩
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সাধারণ গ্রাহকদের সিমকার্ড নিতে গিয়ে একাধিকবার আঙুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটরের একাধিক সিমকার্ড তুলে বেশি দামে অপরাধীদের কাছে বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের মামুন আলী খার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি অব্যবহৃত নতুন সিমকার্ড, প্লাস্টিক পেপারে ফিঙ্গারের বায়োমেট্রিক ছাপযুক্ত ছয়টি ছাপ, নিবন্ধনের কাজে ব্যবহৃত একটি মার্কিং টেপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় ডিজিটাল সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কার্ত্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের গ্রাহকদের একাধিকবার আঙুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটরের একাধিক সিমকার্ড তুলে বেশি দামে অপরাধীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এর ফলে অপরাধীরা এসব সিম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট অপারেটরের সাধারণ গ্রাহকরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তদন্তে বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের বড় একটি নেটওয়ার্ক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
