ঘুমের ওষুধে বন্দি শৈশব

আবু তাহের খোকন

অপুষ্ট অসুস্থ শিশুদের পুঁজি করে ভিক্ষাবৃত্তির জাল বিছিয়েছে দুর্বৃত্ত চক্র। রাজধানীর সড়ক, ফুটপাত ও ট্রাফিক সিগন্যালে শিশুদের নিয়ে ভিক্ষাবৃত্তি যেন নিত্যদিনের স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। কারও কোলে কয়েক মাসের ঘুমন্ত শিশু, কারও পাশে অসুস্থ ও দুর্বল চেহারার বালক-বালিকা। মানুষের সহানুভূতি আদায় করে অর্থ সংগ্রহের এই দৃশ্যের আড়ালে রয়েছে শিশু নির্যাতন ও শোষণের ভয়াবহ অভিযোগ। ভিক্ষার আয় বাড়াতে শিশুদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন রাখা, অসুস্থ সাজানো, শরীরে ক্ষত সৃষ্টি করা, এমনকি অন্যের শিশু ভাড়া নিয়ে ভিক্ষায় নামানোর ঘটনাও ঘটছে। নিষ্পাপ শিশুর অসহায়ত্বকে পুঁজি করে গড়ে তোলা হয়েছে অর্থ উপার্জনের এই নিষ্ঠুর পেশা। সম্প্রতি মিরপুর ১০ নম্বরের ফুটপাতে দেখা যায়, দুটি শিশু অঘোরে ঘুমিয়ে আছে। আশপাশে কেউ নেই। দীর্ঘক্ষণ পর মধ্যবয়সি এক নারী এসে তাদের পাশে বসেন। প্রথমে কথা বলতে রাজি না হলেও, ছবি না তোলা ও পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, গাবতলী বস্তিতে থাকেন। স্বামী নেই। সঙ্গে থাকা একটি শিশু তাঁর নিজের, অন্যটি একই বস্তির অন্য এক নারীর সন্তান। ওই শিশুর মা বিভিন্ন বাসায় কাজ করেন। ভিক্ষাবৃত্তিতে শিশুটিকে ব্যবহারের বিনিময়ে আয়ের অর্ধেক তাকে দিতে হয়। ওই নারী আরও জানান, যেদিন ভিক্ষা করতে আসেন, তার আগেই ঘুমের ওষুধ সংগ্রহ করে দুই শিশুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখেন। শিশুদের শারীরিক দুর্বলতার কারণে প্রতিদিন বের হন না। অর্থাৎ পুষ্টিহীন এসব শিশুদের স্বাভাবিক ঘুম, ক্ষুধা কিংবা কান্নার মতো শারীরিক প্রতিক্রিয়াও ব্যবহার করা হচ্ছে ভিক্ষাবৃত্তির কাজ, মানুষের করুণা লাভের পুঁজি হিসেবে।

যমুনা ফিউচার পার্কের পকেট গেটসংলগ্ন ফুটপাতেও দেখা গেছে একই ধরনের উদ্বেগজনক দৃশ্য। দেয়ালের পাশে দুটি শিশু ঘণ্টার পর ঘণ্টা প্রায় অচেতন হয়ে পড়ে ছিল। পাশে বসে থাকা এক নারী ছবি তুলতে দেখে শুধু বলেন, ‘আমাদের ক্ষতি কইরেন না।’ শিশু দুটি কেন এতক্ষণ এমন গভীর ঘুমে এবং, তাদের শারীরিক অবস্থা কী জানতে চাইলে কোনো উত্তর মেলেনি। এমন দৃশ্য রাজধানীতে শিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তির আড়ালে চলা প্রতারণার বাস্তবতাকে আরও স্পষ্ট করে। প্রতীয়মান হয় যে, এর পেছনে সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র কাজ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে ঘুমের ওষুধ খাওয়ানো তার জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বয়স ও শারীরিক অবস্থাভেদে ওষুধের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। এর সঙ্গে শরীরে ইচ্ছাকৃতভাবে ক্ষত সৃষ্টি কিংবা অসুস্থ সাজানোর ঘটনা যুক্ত হলে তা আরও ভয়াবহ নির্যাতনে রূপ নেয়। দারিদ্র্য কখনো শিশুর ওপর এমন নিষ্ঠুরতার বৈধতা দিতে পারে না। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজধানীসহ সারা দেশে শিশুদের কোলে নিয়ে, সঙ্গে রেখে ভিক্ষাবৃত্তিতে জড়িত কিছু মানুষ। এভাবে সারা দেশে রোদে, ধুলায় রাস্তায় ঘুরে শিশুরা বক্ষব্যাধি, যক্ষ্মা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের চেতনানাশক দিয়ে অচেতন করে রাখলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এতে মানসিক বিকাশ ও সক্ষমতা বাধাগ্রস্ত হয়।

শিশুদের ভাড়া দেওয়া, তাদের দিয়ে অর্থ উপার্জন এবং আয়ের ভাগাভাগির বিষয়গুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় কি না, কারা শিশু সংগ্রহ করছে, কারা অর্থের ভাগ নিচ্ছে এবং কারা এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে-তা তদন্ত করে দেখা জরুরি। শুধু ফুটপাত থেকে ভিক্ষুক সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না; বরং অপরাধীরা স্থান পরিবর্তন করে একই শোষণ চালিয়ে যেতে পারে। শিশু আইন, ২০০০-এর ১২ ধারা অনুযায়ী শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা বা এ কাজে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। অথচ রাজধানীর ব্যস্ত সড়ক ও সিগন্যালে শিশুদের এভাবে ব্যবহার চলছেই। প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে সংঘটিত এই শিশু শোষণ বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি কোথায়? অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে কতটা? উদ্ধার করা শিশুদের চিকিৎসা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থাই বা কতটা কার্যকর? সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১২ ধারা অনুযায়ী, শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যে তার অঙ্গহানি করা গুরুতর অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এ ধরনের অপরাধ অত্যন্ত অমানবিক, জঘন্য ও নিষ্ঠুর। তাই জড়িত ব্যক্তিদের শুধু আইনের আওতায় আনলেই হবে না, এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। ছিন্নমূল মানুষের আর্থিক অসচ্ছলতাকে পুঁজি করে একটি চক্র শিশুদের এ ধরনের অপরাধে ব্যবহার করছে। তাই ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights