ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি

অনলাইন ডেস্ক
দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করছে। ক্রমে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, দুর্বল হয়ে আসা এই আবহাওয়াব্যবস্থার প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বিডব্লিউওটি এ পূর্বাভাস দেয়।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছালে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানায়, আবহাওয়াব্যবস্থাটি আরও দুর্বল হয়ে লঘুচাপ বা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিবলয় ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে ২৪ নভেম্বর নাগাদ দেশের প্রায় সব এলাকা থেকে বৃষ্টিবলয়টি বিদায় নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights