চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, ১০ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই, ৫০ মিটার মশারির জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছয়টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না চাই ও মশারির জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে ছয়জনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারির জাল জব্দ করা হয়।

এ ছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। কালিরচরা, ষাটনল ও বাহাদুরপুর-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৭০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। তাঁদের বুধবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights