রাজশাহীতে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও শিশু হাসপাতাল চান ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর কৃষি, চিকিৎসা ও যোগাযোগ খাতের উন্নয়নে একগুচ্ছ দাবি তুলে ধরেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর মধ্যে রয়েছে পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জনসভামঞ্চে এসব দাবি জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক মাঠে তাঁরা একাধিকবার বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়ার সময়ে রাজশাহীকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।

পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একসময় রাজশাহী দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, গত সরকারের সময়ে এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিপ্রধান রাজশাহীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আধুনিক ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি রাজশাহীতে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন এবং সেখান থেকে পণ্য পরিবহনের জন্য কার্গো বিমান চালুর দাবি জানান মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহীর কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ জন্য কৃষিপণ্য রপ্তানির উপযোগী অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।

এ ছাড়া রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন ভূমিমন্ত্রী। তাঁর মতে, কৃষিনির্ভর এ অঞ্চলে কৃষিশিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে রাজশাহী বাইপাস সড়ক প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights