চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, একদিনেই হাসপাতালে ৩৯ রোগী ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে কাগজে কলমে অনেক কিছু করা হলেও বাস্তবে এর সুফল পাচ্ছে না পৌরবাসী। অভিযোগ রয়েছে নিয়মিত পরিষ্কার করা হয় না ড্রেনের নর্দমা এবং ময়লা আবর্জনা। ফলে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এছাড়া বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন করে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং একজন নারী রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া, বালুবাগান, মসজিদপাড়া, রেলবস্তি, হুজরাপুর কলোনি, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ প্রবল আকার ধারণ করেছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক-আরএমও ডা. মো. মাহবুব হাসান বলেন, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ডেঙ্গু কর্ণার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ মজুত রাখা হয়েছে।

চিকিৎসক সংকটের মধ্যেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ৪৯২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩১৬ জনের। তবে এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে এবং জনসচেতনতায় মাউকিংসহ হ্যান্ডবিল বিলি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights