চাকরি থেকে সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় রেডিট ব্যবহারকারীর পরামর্শ

অনলাইন ডেস্ক
২০২৬ সালে মেটা, অ্যামাজন, কোয়ালকম ও সেলসফোর্সের মতো বড় প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবরে অনেকেই চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। এমন পরিস্থিতিতে আর্থিকভাবে টিকে থাকার প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক ব্যবহারকারীর পোস্ট ব্যাপক আলোচনা তৈরি করেছে।

রেডিট ব্যবহারকারী জানান, সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় তিনি ৫০ লাখ রুপির স্বাস্থ্যবিমা করেছেন এবং সমপরিমাণ জটিল রোগের বিমা নেওয়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি নিজের প্রভিডেন্ট ফান্ডের হিসাব যাচাই ও চলমান ঋণের কিস্তি পরিশোধের উদ্যোগ নিয়েছেন। খরচ কমাতে খাবার সরবরাহকারী অ্যাপ এবং নেটফ্লিক্স, প্রাইম ও অ্যাপল টিভির মতো ওটিটি সাবস্ক্রিপশন বাদ দিয়ে কেবল ইউটিউব ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ ছাড়া মোবাইল ও ইন্টারনেটের বার্ষিক প্যাকেজ নেওয়া, সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝোঁকা এবং হঠাৎ বড় খরচ এড়াতে আগেভাগেই ল্যাপটপ, এসি ও চিমনি সার্ভিসিং করিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। জরুরি তহবিল হিসেবে ১০ মাসের খরচ ডেট ফান্ডে রাখার পাশাপাশি তাৎক্ষণিক প্রয়োজনের জন্য অন্তত ১০ লাখ রুপি সীমার দুই-তিনটি ক্রেডিট কার্ড রাখার কথা উল্লেখ করেন ওই ব্যবহারকারী।

পোস্টটির মন্তব্যে অন্য ব্যবহারকারীরাও নানা পরামর্শ দিয়েছেন। অনেকেই প্রিমিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিমার অর্থ এককালীন পরিশোধের পরামর্শ দেন। কেউ কেউ জরুরি তহবিলের অন্তত এক-দুই মাসের খরচ তাৎক্ষণিকভাবে তোলা যায় এমন লিকুইড ফান্ড বা স্থায়ী আমানতে রাখার কথা বলেন।

দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য নিজস্ব বাড়ি এবং ডেট ফান্ড ও স্থায়ী আমানতের মাধ্যমে বিকল্প আয়ের উৎস তৈরির ওপর জোর দেন এক ব্যবহারকারী। আরেকজন পুরোনো যন্ত্রপাতি বা গাড়ি নষ্ট হওয়ার আগেই বদলে ফেলার পরামর্শ দেন। তবে আর্থিক প্রস্তুতির পাশাপাশি নতুন দক্ষতা অর্জন, জীবনবৃত্তান্ত (সিভি) হালনাগাদ এবং পুরোনো ও বর্তমান সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights