চার সীমান্তে পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
প্রতিদিন ডেস্ক
বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর নো ম্যান্স ল্যান্ডে নারী-পুরুষ। ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে গতকালের ছবি -বাংলাদেশ প্রতিদিন
দেশের চারটি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক দিনে মোট ২৯ জনকে পুশইনের পৃথক চারটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর পরশুরাম, দিনাজপুরের বিরামপুর, ঝিনাইদহের মহেশপুর এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থান ও টহল জোরদারের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিদের শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফেনী : ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যর্থ করে দিয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির ২১৪৫ নম্বর সীমান্ত পিলারের কাছে দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। প্রাথমিক যাচাইয়ে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ২৯১/২০এস সীমান্ত পিলারের কাছে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি তাদের সীমান্তেই বাধা দেয়। পরে তারা ভারতের শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান নেয়। সকালে বিএসএফ সদস্যরা সেখানে জড়ো হলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একপর্যায়ে পুশইনের চেষ্টা পরিত্যাগ করে তাদের ভারতে ফিরিয়ে নেয়। স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী জানান, বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। ঝিনাইদহ : একই দিন ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ ৫৫/এমপি সীমান্ত পিলার এলাকায় চারজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা। বিজিবির টহল দল তাদের সীমান্তেই আটকে দেয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সাতজন তরুণকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়। পরে রাতের আঁধারে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর নজরদারির কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি।
