চীনের সুন্দর নারীদের সবাই গুপ্তচর মনে করে, জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারি নিয়ে ট্রাম্প

অনলাইন ডেস্ক

চীনের কথিত এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনায় মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ঘনিষ্ঠ মিত্র জেনসেন হুয়াংকে ‘অসাধারণ মেধাবী মানুষ’ হিসেবে অভিহিত করে ট্রাম্প দাবি করেছেন, অ্যালিস হুয়াং নামের ওই নারী গুপ্তচর ছিলেন কি না, তা তিনি শোনেননি বরং চীনের সুন্দরী নারীদের সবাই গুপ্তচর মনে করে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সপ্তাহে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করে এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়েন জেনসেন হুয়াং। অভিযোগ উঠেছে, অ্যালিসের প্রতিষ্ঠান বেইজিংকে এনভিডিয়ার অত্যাধুনিক কম্পিউটার চিপ পেতে সহায়তা করেছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরিতে ব্যবহৃত হয়।

বৃহস্পতিবার চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, জেনসেন হুয়াংয়ের মতো প্রতিভাবানদের যুক্তরাষ্ট্রের অবশ্যই যত্ন নেওয়া উচিত। কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ।

হুয়াংয়ের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কিছু মানুষের বিকল্প হয় না। তিনি ১০ বছর এগিয়ে ছিলেন। আমাদের প্রতিভাবানদের যত্ন নিতে হবে। এমন মানুষ খুব বেশি নেই।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে জেনসেন হুয়াংয়ের বিষয়টি উঠেছিল কি না; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি বিষয়টি নিয়ে ‘সংক্ষেপে’ কথা বলেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, আমরা এটি নিয়ে আলোচনা করিনি। আমি হয়তো খুব সংক্ষেপে বিষয়টি উল্লেখ করেছি, কারণ এটি সত্যিই একটি দুঃখজনক ঘটনা।

জেনসেন হুয়াংয়ের এই পরকীয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকচ করে দেন। অ্যালিসকে একজন ‘সুন্দরী নারী’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি শুনিনি যে তিনি গুপ্তচর ছিলেন। আর চীন থেকে আসা যেকোনো সুন্দরী নারীকেই তারা গুপ্তচর বলে মনে করে।

অ্যালিসকে ‘চিপ ক্রেতা একজন ব্যবসায়ী নারী’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, সেগুলো ঠিকভাবে না ভুলভাবে কেনা হয়েছিল, তা কে জানে। তবে আমি এটুকু বলতে পারি যে আমরা তাদের চিপ কেনার অনুমতি দিই। আমরা অর্থ উপার্জন করতে চাই।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর প্রধান ছিলেন। প্রতিষ্ঠানটি বিশাল ডেটা সেন্টারে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং পরিচালনার জন্য এনভিডিয়ার উন্নত সিলিকন চিপ ব্যবহার করে। অ্যালিস ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এক বছরেরও কম সময় মেগাস্পিডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার যোগদানের পরপরই অখ্যাত এক ভিডিও গেম নির্মাতা থেকে মেগাস্পিড হঠাৎ করেই এশিয়ায় এনভিডিয়া চিপের অন্যতম বৃহত্তম ক্রেতায় পরিণত হয়। ২০২৪ সালে দাখিল করা কোম্পানির হিসাব অনুযায়ী, মাত্র ১২ মাসের মধ্যে মেগাস্পিডের আয় শূন্য থেকে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারে পৌঁছে যায়। অভিযোগ রয়েছে, বাণিজ্য নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে এনভিডিয়ার চিপ পাঠাতে বেইজিংকে সহায়তা করেছিল মেগাস্পিড।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights