চুয়েটের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্টদের নিয়ে বসছে পরামর্শক কমিটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান পুনরায় চালুর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি।

আগামী বুধবার (২৮ অক্টোবর) কমিটির সদস্যরা চুয়েট পরিদর্শন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তাঁদের বক্তব্য, মতামত ও প্রস্তাবনা শুনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে আজ সোমবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে চুয়েট ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে এবং সকাল ১১:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন কমিটির সদস্যরা। এ ছাড়া দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কর্মকর্তা এবং বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ অক্টোবরের পত্রের পরিপ্রেক্ষিতে চুয়েটের অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষে পাঠদান পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে গত ১৯ অক্টোবর ইউজিসি ছয় সদস্যের এই পরামর্শক কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে।

কমিটি চুয়েট পরিদর্শন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান পুনরায় চালু, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights