ছিনতাইয়ের হুমকি দিয়ে চিরকুট, জরুরি অবতরণ করল ভারতীয় বিমান
অনলাইন ডেস্ক
ছিনতাইয়ের হুমকি দিয়ে হাতে লেখা হয়েছিল চিরকুটটি। আর সেটি পেয়ে ভারতের ব্যাঙ্গালুরু থেকে লক্ষ্ণৌগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। জরুরি ভিত্তিতে পুনরায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে।
৬ই৪৫১ নম্বর বিমানটি ১৭৮ জন যাত্রী নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গালুরু থেকে রওনা দিয়েছিল। মাঝআকাশে বিমানটির টয়লেটে এক যাত্রী প্রথম এই চিরকুটটি দেখতে পান। নোটে লেখা ছিল, বিমানটি সাড়ে ছয়টায় ছিনতাই হতে চলেছে এবং এই বার্তা উপেক্ষা করলে ফলাফল মারাত্মক হবে।
বিষয়টি জানার সাথে সাথেই ওই যাত্রী বিমানকর্মীদের অবহিত করেন। এর পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিমানবন্দরে অবতরণের পর সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটিতে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, বিমানে থাকা কোনো যাত্রীই এই নোটটি রেখে থাকতে পারে এবং এ বিষয়ে তদন্তের স্বার্থে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর বিমানটি পুনরায় লখনউয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে। ঘটনার পর ইন্ডিগো কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, নির্ধারিত নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনেই তাৎক্ষণিকভাবে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি জানায়, যাত্রীদের খাদ্য ও পানীয় সরবরাহ সহ সব ধরনের আপডেট নিয়মিত জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল-১ এ কিছু সময়ের জন্য পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি
