ছোট্ট কুকুরছানা ন্যাশনাল গার্ড সদস্য
প্রতিদিন ডেস্ক
মেক্সিকোর ন্যাশনাল গার্ড বাহিনীতে ‘কমান্ডো’ নামের ১৩ মাস বয়সি একটি চিহুয়াহুয়া প্রজাতির কুকুরছানা এবার চমক তৈরি করেছে। কুকুরটির ওজন মাত্র ৭ কেজি (১৫ পাউন্ড) এবং উচ্চতা ৮ ইঞ্চি (২১ সেন্টিমিটার)। মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ এটিকেই দিয়েছে বিরাট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি উদ্ধারকাজ, প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সেতুবন্ধ হিসেবে কাজ করবে। সূত্র : দ্য গার্ডিয়ান।
বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ মাস বয়সি কুকুরছানাটির নাম রাখা হয়েছে ‘কমান্ডো’। শুধু জনসমক্ষে প্রদর্শনীর জন্য বা দলের ‘ম্যাসকট’ হিসেবে নয়, বরং নিখোঁজ মানুষদের খুঁজে বের করা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য এটিকে রীতিমতো পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে কমান্ডো এরই মধ্যে মেক্সিকোর স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে অংশ নিয়ে সবার নজর কেড়েছে। ছবিতে দেখা গেছে, কুকুরছানাটির চোখে রয়েছে ছোট চশমা (গগলস), গায়ে মাপমতো লাগানো সামরিক ট্যাকটিক্যাল ভেস্ট, মাথায় হেলমেট ও হেলমেটের ওপর বসানো ক্ষুদ্র ক্যামেরা। সংশ্লিষ্টরা বলছেন, এ কুকুরছানাই মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এবং আকারে সবচেয়ে ছোট চতুষ্পদ সদস্য।
এদিকে গত সপ্তাহে মেক্সিকো সিটিতে ন্যাশনাল গার্ডের একটি বিশেষ প্রশিক্ষণে দেখা গেছে, ‘রোকো’ নামের সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশাল আকৃতির কুকুরের সামনে এ ছোট কুকুরছানা অনায়াসে সিঁড়ি বেয়ে ও বিভিন্ন বাধা পেরিয়ে চমৎকারভাবে কসরত দেখাচ্ছে। ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট ডেবোরা হার্নান্দেজ বলেন, ‘কমান্ডো’ মূলত দুটি প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে। প্রথমত, মানুষের ধারণা, শুধু বড় ও শক্তিশালী কুকুরই সামরিক বাহিনীতে কাজ করতে পারে। দ্বিতীয়ত, একটি সামরিক বাহিনী সাধারণ জনগণের সঙ্গে কখনো উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে না। তিনি বলেন, ‘কমান্ডোর উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় যে ‘সামরিক পোশাকের নিচে আমরাও প্রকৃতপক্ষে দিন শেষে আবেগপ্রবণ মানুষ।’
