জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
জবি প্রতিনিধিঃ
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর যাতায়াতের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের চলাচল রয়েছে। ফলে এ ধরনের ঘটনা ক্যাম্পাসসংলগ্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনায় আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব ঘোষ নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে একই আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
একই এলাকায় একাধিকবার বিস্ফোরণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্যাম্পাসসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
