জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ: সমাজকল্যাণ মন্ত্রী
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে এবং স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার নারায়নগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি এবং মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), এমপি।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থই বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের ওপর তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের কোনো আস্থা ছিল না; আর সে কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে দেশসেবার যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে সম্পূর্ণ আন্তরিক। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সম্মানী ভাতা ও ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।
স্বাস্থ্য অবকাঠামোর ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে তা ৫০ শয্যায় রূপান্তর করা হয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, কেবল সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি অতীতেও জনগণের প্রতিটি সংকটে পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দেশের স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক খাতে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে যে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে, তা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। তাই বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন।
মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
