জয় দিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল শুরু ড্যাফোডিলের
অনলাইন ডেস্ক
আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে হারিয়ে আসর শুরু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে নর্থ সাউথকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডে গোল করে চমক লাগিয়ে দেন নর্থ সাউথের সিজান। এরপরই গোল শোধে মুহুর্মুহু আক্রমণ শানায় ড্যাফোডিল। ম্যাচের চার মিনিটেই পেয়ে যায় সুর্বণ সুযোগ। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে গোল করে দলকে সমতায় আনেন ইউনুসা।
সমতায় ফেরার পর নর্থ সাউথের রক্ষণকে আরো কয়েকবার পরীক্ষায় ফেলেন ড্যাফোডিলের আক্রমণভাগ। তবে প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-১ এ সমতায় থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের নর্থ সাউথকে মাঠেই যেনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ড্যাফোডিল দারুণ এক আক্রমণ থেকে দাউদা সালিসো গোল করে লিড এনে দেন। কিন্তু পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে নর্থ সাউথ। বেশ কয়েকটি আক্রমণ শানালেও ফিনিসিংয়ের অভাবে গোলে দেখা পায়নি তারা। এরপর দলীয় প্রচেষ্টায় দাউদা সালিসো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে নর্থ সাউথকে ৩-১ হারিয়ে শুভসূচনা করল ড্যাফোডিল। এতে গ্রুপ ‘এ’ তে প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এগিয়ে গেলে তারা।
