ঝড়ে বসতঘরে গাছ পড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ মে) রাত সাড়ে ১১ টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন কৃষক আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) ও তার শিশুপুত্র তাইজুল (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঝড়বৃষ্টির সময় শিশুপুত্রকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন রূপ তারা। এসময় একটি গাছ ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন রুপ তারা ও তার শিশুপুত্র তাইজুল। ঘটনাস্থলেই মারা যায় তাইজুল। স্থানীয়রা আহত রূপ তারাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
