টরন্টোর মেয়র পদে পুনর্নির্বাচিত অলিভিয়া চাউ
কানাডা প্রতিনিধি
কানাডার টরন্টো সিটি নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। কানাডার স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রাড ব্র্যাডফোর্ডকে বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে চাউয়ের সুস্পষ্ট বিজয় নিশ্চিত হয়েছে।
টরন্টোর স্থানীয় সংবাদমাধ্যম টরন্টো টুডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১ হাজার ৪৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৪০৮টির ফল গণনা শেষে অলিভিয়া চাউ পেয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৬৪১ ভোট, যা মোট ভোটের ৫৪ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে ব্রাড ব্র্যাডফোর্ড পেয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ২৭৪ ভোট, যা মোট ভোটের ৪১ দশমিক ১৬ শতাংশ। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৬৭। তখনো ২৩টি ভোটকেন্দ্রের ফল প্রকাশ বাকি ছিল।
নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। প্রচারের শেষ পর্যায়ে ব্র্যাডফোর্ডের সমর্থন বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠে। তবে ভোটের ফলাফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে থেকে নিজের অবস্থান ধরে রাখেন চাউ।
উল্লেখ্য, ২০২৩ সালে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার টরন্টোর মেয়র হন অলিভিয়া চাউ। এবারের নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্ণ মেয়াদে নগরীর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
নতুন মেয়াদে অলিভিয়া চাউয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টরন্টোর আবাসন সংকট, নাগরিক সেবার ব্যয় বৃদ্ধি এবং নগরীর আর্থিক চাপ মোকাবিলা করা। একই সঙ্গে গণপরিবহন, সড়ক অবকাঠামো ও জননিরাপত্তা নিয়েও নতুন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।
