টাইম ট্রাভেল থেকে ইরান যুদ্ধের কল্পচিত্র, ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একের পর এক ছবি নিয়ে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনি ৪০টির বেশি এআই-নির্মিত ছবি পোস্ট করেন, যেখানে টাইম ট্রাভেল থেকে শুরু করে ইরানের সঙ্গে সংঘাত এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রহস্যময় নানা চিত্র তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের প্রকাশ করা ছবিগুলোর একটি ছিল কাল্পনিক সিনেমার পোস্টারের আদলে তৈরি। সেখানে তাকে দেখা যায় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা মাউন্ট রাশমোরে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে রক্ষা করতে। ছবিটির নিচে লেখা ছিল, ‘অতীত বদলে যাওয়ার মুখে ছিল… ইতিহাসকে রক্ষা করা হলো।’

তার এআই পোস্টগুলোর মধ্যে ‘কসমিক কমান্ডার’ নামের একটি কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের আদলের ছবিও ছিল। এতে ‘স্টার ট্রেক’-এর মতো একটি প্রতীক ব্যবহার করা হয়, যা ট্রাম্পের কল্পনাভিত্তিক প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে এসব পোস্টের বড় অংশজুড়ে ছিল ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার বিষয়টি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের একটি এআই ছবিতে দেখা যায়, মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপে হামলা চালাচ্ছে।

আরেকটি ছবিতে আকাশে ট্রাম্পের বিশাল আকৃতির অবয়ব এবং নিচে উড়তে থাকা সামরিক যুদ্ধবিমান দেখানো হয়েছে। সেখানে ইরান হিসেবে চিহ্নিত একটি এলাকায় বিস্ফোরণের দৃশ্য রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’। অন্য একটি ছবিতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে নৌকার হাল ধরে থাকা ট্রাম্পকে দেখা যায়। তার টুপিতে লেখা ছিল ‘এফএএফও’—যা একটি ইংরেজি গালি ও হুঁশিয়ারির সংক্ষিপ্ত রূপ।

এদিকে, ট্রাম্প যখন এসব যুদ্ধঘেঁষা ছবি প্রকাশ করছেন, একই দিনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে জানান, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প আলোচনার সুযোগ দিতে কিছুটা সময় নিতে চাইছেন বলেও জানান তিনি।

ট্রাম্পের এআই পোস্টগুলোতে ২০২৮ সালের নির্বাচনের ইঙ্গিতও স্পষ্টভাবে উঠে এসেছে। বেশ কয়েকটি ছবিতে তাকে সিগার হাতে দেখা যায় এবং তার টুপিতে লেখা ছিল ‘ট্রাম্প ২০২৮’। একটি ছবিতে দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষের সামনে রাখা একটি বড় আকৃতির মগে লেখা রয়েছে ‘ট্রাম্প ২০২৮’।

নিজের পুরোনো রাজনৈতিক বিরোধীদের নিয়েও এআই ছবিতে বার্তা দিয়েছেন ট্রাম্প। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তে ‘বায়ু পরিশোধনকারী দেয়াল’-এর একটি কাল্পনিক ছবি প্রকাশ করেন তিনি। এটি তার ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার আলোচিত সীমান্ত দেয়াল পরিকল্পনার একটি ব্যতিক্রমী রূপ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া সিএনএনের সংবাদ উপস্থাপিকা কেইটলান কলিন্সকে নিয়েও একটি বিতর্কিত এআই ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে কলিন্সের মুখ ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব ডিলান মালভানির শরীরে বসানো হয়। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে দেওয়া এক ভাষণেও ট্রাম্প মালভানি ও কলিন্সের সমালোচনা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights