টেকনাফে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১২ ঘণ্টা পর সুপারি বাগান থেকে মুহিব উল্লাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়া এলাকার মো. ইদ্রিসের ছেলে।

মঙ্গলবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়ার একটি সুপারি বাগানের নিচে তার মরদেহ পাওয়া যায়। এ তথ্যটি নিশ্চিত করেন নিহত মুহিব উল্লাহর স্ত্রী নাসিমা আক্তার।

তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে তার স্বামী মুহিব উল্লাহ নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলে সারারাত তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে বাড়ি থেকে দূরে একটি সুপারি বাগানের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। পরে তারা টেকনাফ মডেল থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, সাবরাং কচুবনিয়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights