ডার্টি বোমা আসলে কী, এটি কতটা বিপজ্জনক?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান।

তবে এ দাবির পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। হামলার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত তেহরান নিয়েছে- এমন তথ্যও নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরান সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে।

মার্কিন গোয়েন্দারা দেশটির কথিত ‘তৎপরতার আভাস’ পেয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার তথ্যও রয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার বিশ্বাসযোগ্য কোনও হুমকি নেই। জাতিসংঘে ইরানের মিশনও অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে।

ডার্টি বোমা কী, কতটা বিপজ্জনক?
ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার যন্ত্রে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান যুক্ত করা হয়। বিস্ফোরণের পর এসব উপাদান আশপাশে ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক বিক্রিয়ার প্রয়োজন হয় না। চিকিৎসা ও শিল্পকারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় উৎস থেকেও উপাদান সংগ্রহ করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম। তবে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি এবং আক্রান্ত এলাকাকে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার অনুপযোগী করে তোলার ক্ষমতা রয়েছে। এ কারণে একে ‘গণবিধ্বংসী অস্ত্রের’ বদলে ‘ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অস্ত্র’ বলা হয়।

ইরানের সক্ষমতা কতটা?
বিশেষজ্ঞদের মতে, তাত্ত্বিকভাবে ইরানের ডার্টি বোমা তৈরির সক্ষমতা রয়েছে। দেশটির বড় বেসামরিক পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান পাওয়ার সুযোগও আছে।

তবে ২০২৫ সালের জুনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। এই ইউরেনিয়াম ডার্টি বোমার জন্য উপযুক্ত উপাদান নয় বলে বিশ্লেষকেরা মনে করেন।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক তালহা আবদুল রাজ্জাকের মতে, ইরানের কাছে এ ধরনের অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান ও দক্ষতা থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে হলে গোপন চোরাচালান নেটওয়ার্ক বা অপরাধী চক্রের সহায়তা নিতে হবে। তার ধারণা, এমন হামলা চালালে ইরানের অবশিষ্ট কূটনৈতিক গ্রহণযোগ্যতা ধ্বংস হবে এবং দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পথ খুলে যাবে।

গোয়েন্দা তথ্য নিয়ে সংশয় কেন?
বিশ্লেষকদের একাংশ বলছেন, যুদ্ধের সময় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ জনমতকে আরও সংঘাতের পক্ষে প্রভাবিত করতে পারে।

২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মার্কিন দাবির ভিত্তিতে দেশটিতে হামলা চালানো হলেও পরে সেখানে এমন অস্ত্রের মজুত পাওয়া যায়নি। এ অভিজ্ঞতা বর্তমান গোয়েন্দা দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে।

রিপোর্ট লেখা পর্যন্ত কোনও সফল ডার্টি বোমা হামলার ঘটনা ঘটেনি। অতীতে রাশিয়া, চেচনিয়া ও যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার পরিকল্পনা বা আশঙ্কার ঘটনা সামনে এলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights