ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতেন একদল চীনা নাগরিক। সকাল থেকে রাত পর্যন্ত উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের এলাকায় তাদের আনাগোনা ছিল। সড়ক, বাড়িঘর ও অলিগলির দৃশ্য ধারণের পাশাপাশি কখনো কখনো মানুষের বাসাবাড়ির ভেতরেও ঢুকে ভিডিও করতেন তারা। তাদের ভিডিও ধারণের ধরন দেখে মনে হতো, যেন সাংবাদিকের মতো ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করে পরিস্থিতি তুলে ধরছেন। তবে গত ৭ নভেম্বরের পর থেকে তাদের আর ভিডিও করতে দেখা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ভিডিও ধারণ করতেন। কিন্তু এসব ভিডিও কোথায় প্রকাশ করা হচ্ছে কিংবা ভিডিওতে কী ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, সে সম্পর্কে কিছুই জানেন না তারা। গতকাল বৃহস্পতিবার উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকা ঘুরে কোথাও চীনা নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে এলাকায় তাদের উপস্থিতি চোখে পড়ছে না।

এর আগে, রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় মাসের পর মাস ধরে ভিডিও ধারণ করতে দেখা যায় একদল চীনা নাগরিককে। তাদের রাস্তার অলিগলি, দোকানপাট থেকে শুরু করে মানুষের বসতবাড়িতেও ঢুকে ভিডিও করতে দেখা যেত। এসব ভিডিও কোথায় প্রকাশ করা হয়, কী উদ্দেশ্যে ধারণ করা হয়—তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন ও কৌতূহল। কয়েক মাস আগে বিষয়টি প্রথম নজরে আসে উত্তরার বাসিন্দাদের, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা দেখা যায়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে বাংলাদেশ প্রতিদিন ডিজিটালে প্রকাশিত হয় ‘উত্তরার গলি-ঘুপচিতে ভিডিও ধারণে ব্যস্ত হাজারো চীনা নাগরিক, রহস্য কী?’ শিরোনামে একটি প্রতিবেদন। এরপর আরও অনুসন্ধানে উঠে আসে নতুন কিছু তথ্য।

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়। এরপর তাদের ওপর পুলিশি নজরদারি বাড়ানো হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিদেশি নাগরিকদের চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় বাংলাদেশে এসে তারা কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও ভারতের নজরে এসেছে। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ঘটনায় চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

টেকপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, অসুস্থতার কারণে দুই দিন ধরে তিনি বাসায় রয়েছেন। এ সময়ে কোনো চীনা নাগরিককে এলাকায় আসতে দেখেননি। তার ভাষ্য, আগে প্রতিদিন অসংখ্য চীনা তরুণ-তরুণী এলাকায় এসে ভিডিও ধারণ করতেন। তাদের সংখ্যা এত বেশি ছিল যে হিসাব রাখা কঠিন।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চীনা নাগরিকদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ শুরু করেন। এ সময় তাদের কাছে ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে কেন এ ধরনের কর্মকাণ্ড করছেন, তা-ও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ওপর নজর রাখছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমেও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights