তরুণ ফিলিস্তিনি ফুটবলারকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দেশটির ২০ বছর বয়সী ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক।

মঙ্গলবার (স্থানীয় সময়) গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

আবদেল-মালেক গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। ক্লাবটির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়। পোস্টে তাকে ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পিএফএর দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে ১ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে আবদেল-মালেক ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ টুর্নামেন্টের গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে খেলেছিলেন। গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টুর্নামেন্টে দুই শতাধিক ক্লাব অংশ নেয়। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাব ছিল। তিনটি অঞ্চলে একই সময়ে প্রতিযোগিতাটি শুরু হয়। ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়।

এর কয়েক দিন আগেও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারায় ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ নিদাল বারবাক। শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে, গাজায় ক্রীড়াঙ্গনে ধারাবাহিক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত মার্চে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে ইসরায়েলের বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উঠে এসেছিল।

ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস হয়েছে। এছাড়া, ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights