‘দিলরুবা দিলনাশি’ দিয়ে নেটদুনিয়া মাতানো কে এই তরুণ?

অনলাইন ডেস্ক

একসময় রিয়েলিটি শোর মঞ্চে জায়গা করে নিতে পারেননি। সেরা ১৫-তে পৌঁছানোর আগেই থেমে গিয়েছিল তার ‘ইন্ডিয়ান আইডল’ যাত্রা। অথচ সেই তরুণের গানই এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র এক মাসে ইউটিউবে ৬ কোটি ৫০ লাখের বেশি দর্শক গানটি শুনেছেন। ইনস্টাগ্রামে তৈরি হয়েছে লাখ লাখ ভিডিও। বলছি, ‘দিলরুবা দিলনাশি’ গান দিয়ে শ্রোতাদের মন জয় করা সংগীতশিল্পী রিতো রিবার কথা।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই শোনা যাচ্ছে ‘দিলরুবা দিলনাশি’। কারও ছোট ভিডিওতে, কারও ছবির গল্পে, আবার কারও ব্যক্তিগত পোস্টে জায়গা করে নিয়েছে গানটি। প্রকাশের এক মাসের মধ্যেই ইউটিউবে গানটির দর্শকসংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৫০ লাখ। সংগীতের অনলাইন মঞ্চ স্পটিফাইতেও গানটি শুনেছেন আড়াই কোটির বেশি শ্রোতা। আর ইনস্টাগ্রামে এই গান ব্যবহার করে তৈরি হয়েছে ৩০ লাখেরও বেশি ছোট ভিডিও।

তবে রাতারাতি পাওয়া এই জনপ্রিয়তার পেছনে রয়েছে দীর্ঘদিনের সাধনা আর একাধিক ব্যর্থতার গল্প। ২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে হাজির হয়েছিলেন রিতো। সেখানে নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গানটি গেয়ে বিচারকদের মুগ্ধ করেন তিনি। বিশেষ করে নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়ার প্রশংসা পেয়েছিলেন এই তরুণ। তাঁর গাওয়া ‘যো ত্যানু ধুপ লাগেয়া ভে’ অংশটিও তখন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

কিন্তু বিচারকদের প্রশংসা সত্ত্বেও প্রতিযোগিতায় বেশি দূর এগোতে পারেননি রিতো। সেরা ১৫-তে জায়গা পাওয়ার আগেই বিদায় নিতে হয় তাঁকে। অনেকের কাছে হয়তো সেখানেই শেষ হয়ে যেতে পারত স্বপ্ন। কিন্তু রিতো বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। প্রতিযোগিতার ফলাফলকে নিজের সীমাবদ্ধতা না ভেবে সংগীতচর্চায় আরও মনোযোগী হন তিনি। সেই অধ্যবসায়ের ফল এখন পাচ্ছেন শ্রোতাদের ভালোবাসায়।

ভারতের অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতোর। ছোটবেলায় মায়ের মুখে লোকগান শুনেই সংগীতের প্রতি ভালো লাগা তৈরি হয় তার। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে বিভিন্ন গানের কাভার প্রকাশ করতে শুরু করেন। ধীরে ধীরে অন্যের গান গাওয়ার পাশাপাশি নিজের গান তৈরি করার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শুরু হয় গান লেখা ও সুর করার চর্চা।

‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনের পর বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পরিচিতি বাড়তে থাকে তাঁর। পরবর্তী সময়ে প্লে ডিএমএফ সংগীত প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ করেন ‘হীর রাঞ্ঝা’। গানটির দৃশ্যায়নে অভিনয় করেন শিবাঙ্গী যোশি ও রোহিত খান্ডেলওয়াল। গানটি ইউটিউবে ৬ কোটির বেশি দর্শক পেয়েছে। এরপর একে একে ‘ইক তু হি’, ‘পেয়ার আতা হ্যায়’ ও ‘ইবাদাতে’র মতো গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এসব গানের দর্শকসংখ্যাও কয়েক কোটি ছাড়িয়েছে।

শুধু অন্যের সংগীত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করেননি রিতো। নিজের ইউটিউব চ্যানেলও গড়ে তুলেছেন তিনি। বর্তমানে তাঁর চ্যানেলের গ্রাহকসংখ্যা ১০ লাখের বেশি। ফলে রিয়েলিটি শোর মঞ্চে বাদ পড়লেও সংগীতজগতে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন এই শিল্পী।

রিতোর সাম্প্রতিক জনপ্রিয় গান ‘দিলরুবা দিলনাশি’ তার পাঁচ গানের বর্ধিত অ্যালবাম ‘দিলফেক’-এর অংশ। গত ১৬ অক্টোবর প্রকাশিত অ্যালবামটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গানটি। পুরোনো দিনের রোমান্টিক আবহ, রেট্রো-পপ ঘরানার সুর আর কাব্যিক কথার মেলবন্ধন গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। শ্রোতাদের কাছে গানটির এমন গ্রহণযোগ্যতাই রিতোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

মাত্র ২৭ বছর বয়সেই রিতো রিবা বুঝিয়ে দিয়েছেন একটি প্রতিযোগিতায় বাদ পড়া মানেই স্বপ্নের সমাপ্তি নয়। বরং ব্যর্থতার পরও নিজের প্রতিভার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই পারে সাফল্যের নতুন দরজা খুলে দিতে। একসময় যে মঞ্চ তাকে জায়গা দেয়নি, আজ সেই মঞ্চের বাইরেই নিজের গান দিয়ে জয় করছেন কোটি কোটি শ্রোতার হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights