ধনকুবেরের মেয়ে কাব্যকে বিয়ে করছেন অনিরুদ্ধ, হবু স্ত্রীর সম্পত্তি কত?

অনলাইন ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র বিয়ে করতে চলেছেন সান টিভি নেটওয়ার্কের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানকে। চলতি বছরের নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনিরুদ্ধের সঙ্গে কাব্যের বিয়ের খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছে হবু কনের বিপুল সম্পত্তির পরিমাণ।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৯ কোটি টাকা। তার বাবা কলানিধি মারানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা বলে জানা গেছে। গণমাধ্যম ও বিনোদন ব্যবসায় ভারতের অন্যতম ধনী পরিবার হিসেবে পরিচিত মারান পরিবার।

মারান পরিবারের সম্পত্তির মূল উৎস সান টিভি নেটওয়ার্ক, যেখানে কলানিধির উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি, আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদেও মালিক তিনি। একাধিক তথ্য অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদের আনুমানিক মূল্য ১৭,৫০০ কোটি থেকে ১৮,৪০০ কোটি টাকার মধ্যে। সেই হিসাবে আইপিএলের দলগুলোর মধ্যে চতুর্থস্থানে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন কাব্য। দলের পরিচালনা ও ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। পরে আইপিএলের দলটির দায়িত্বেও সক্রিয় হন কাব্য। ২০১৭ সালে তার বাবা সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা অধিগ্রহণ করেন।

দীর্ঘদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্য সম্পর্কে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়েও চলছে আলোচনা। সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে অনিরুদ্ধ ও কাব্যের বিয়েসংক্রান্ত একটি তথ্য প্রকাশ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, আগামী ১১ নভেম্বর গ্রিসে তাদের বিয়ে হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে বিয়ের তারিখ ও আয়োজন নিয়ে অনিরুদ্ধ কিংবা কাব্য-কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সংগীত পরিচালক হিসেবে তামিল চলচ্চিত্রে যাত্রা শুরু করে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান অনিরুদ্ধ রবিচন্দ্র। পরে দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি পান এই সংগীতশিল্পী। এ ছাড়া ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ ছবির গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সম্প্রতি ‘জেলর ২’ ছবির সংগীত পরিচালনার কাজ করেছেন অনিরুদ্ধ। ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স, যা মারান পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যেরই একটি অংশ। ফলে অনিরুদ্ধ-কাব্যের সম্ভাব্য বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে আগ্রহ আরও বেড়েছে।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights