নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু
মোঃমহিউদ্দীন
নড়াইলে পানিতে ডুবে দশম শ্রেণির ছাত্রী তাসলিমা খানম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র কাওসার শেখ নামের দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মায়ের অভিযোগ তার ছেলে-মেয়েকে হত্যা করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত ভাই-বোন ওই গ্রামের আজিবার শেখের সন্তান।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তাসলিমা ও তার ভাই কাওসার বাড়ির পাশে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা বাড়ির পাশে ওই গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে তাদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, গত ৯ মাস আগে আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার দ্বিতীয় বিবাহ করেছে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করে পুকুরের পানিতে ফেলে এখন দাবি করেছে ডুবে মারা গেছে।
তবে নিহতদের বাবা আজিবর শেখ দাবি করেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, যেহেতু নিহতদের মা বেবি বেগম দাবি করছেন তাদের সন্তানদেও হত্যা করা হয়েছে সেহেতু নিহতদের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
