‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা
অনলাইন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। প্রয়োজনে নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র অভিযান চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে তেহরানের। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হামলায় যেসব দেশ অংশ নেবে, তাদেরও পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি। খবর আল জাজিরার।
আলি বেলালি জানিয়েছেন, নতুন নতুন অঞ্চলে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি ইরানের রয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুত, পরিচালনাকেন্দ্র কিংবা সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও আইআরজিসির কোনো ঘাটতি বা সীমাবদ্ধতা নেই। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের পরস্পরবিরোধী সংবাদকে শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। তার ভাষ্য, এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করা।
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর ও চূড়ান্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বেলালি। এর আগে গত ৫ নভেম্বর আল-আলম নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ওই সময় বেলালি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো মার্কিন হামলা হলে তাতে অংশ নেওয়া যেকোনো দেশ বা বাহিনীকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত বলে উল্লেখ করেন বেলালি। এ কারণে মার্কিন বাহিনীকে এই সীমার বাইরে অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি। তার দাবি, নিজস্ব উৎপাদন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বিকেন্দ্রীকরণের কারণে সামরিক হামলা অব্যাহত থাকলেও আইআরজিসির পক্ষে অভিযান চালিয়ে যাওয়া সম্ভব।
