নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জের বাঁশবাজারসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যান মরিয়ম। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন তাঁর সন্ধান পাওয়া যায়নি।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর মিয়া জানান, এক বছর আগে মরিয়ম বিবির সঙ্গে আমজাদ মিয়ার বিয়ে হয়। নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার পর বুধবার তাঁর মরদেহ ভেসে ওঠে।
