নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো

অনলাইন ডেস্ক
জাতীয় দলের আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

গত সেপ্টেম্বরে পর্তুগালের নেশন্স লিগের দল থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সী এই অধিনায়ক। নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর তিনি জানতে পারেন, ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও তাঁকে প্রথম একাদশে রাখা হবে না। এরপরই জাতীয় দলের শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে রোনালদো অভিযোগ করেন, পর্তুগালের কোচ হোর্হে জেসুস দুবার তাঁর সঙ্গে করা কথা রাখেননি। বিষয়টিকে তিনি চরম বিশ্বাসভঙ্গ হিসেবেও উল্লেখ করেন।

তবে রোনালদোর শাস্তির মেয়াদ নিয়ে স্বস্তির খবর রয়েছে পর্তুগালের সমর্থকদের জন্য। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এরই মধ্যে শাস্তির ১৯ দিন পার করেছেন তিনি। ফলে নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের আসন্ন কোনো ম্যাচই মিস করতে হচ্ছে না তাঁকে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রোনালদোর অনুশোচনা, ফুটবলে তাঁর অবদান এবং ক্রীড়াক্ষেত্রে অর্জন বিবেচনায় নিয়েই শাস্তি নির্ধারণ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সময় নিজের বিভিন্ন পুরস্কার ও অর্জনের বিবরণও জমা দেন তিনি। পাশাপাশি আগের এক বিবৃতিতে নিজের ভুলের দায় স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন রোনালদো। এমনকি শাস্তি পাওয়ার যোগ্য বলেও স্বীকার করেছিলেন তিনি।

এদিকে পর্তুগালের কোচ হোর্হে জেসুস রোনালদোর সঙ্গে কোনো চুক্তির কথা অস্বীকার করলেও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি। ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনকাও রোনালদোকে দলে ফিরিয়ে আনার প্রবল ইচ্ছার কথা জানিয়েছেন। পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডকে তিনি বলেন, বিষয়টির সমাধান হলে রোনালদোকে জাতীয় দলে ফেরাতে চায় ফেডারেশন।

পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের সর্বোচ্চ গোলদাতা এই তারকা জাতীয় দলকে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপসহ দুটি নেশন্স লিগের শিরোপা জিততে সাহায্য করেছেন।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দেন। পরে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদও বাড়ানো হয়।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights