পচা কালো দুর্গন্ধযুক্ত পানিতে ঊষার লড়াই

সাইফুল ইসলাম, যশোর

গঙ্গা ও পদ্মা এ দুই উৎস থেকে পানির প্রবাহ পেয়ে একসময় উত্তাল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদ ভৈরব। প্রথম উৎসটি ছিল ভারতে। গঙ্গার পানি জলঙ্গী নদী দিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া হয়ে বাংলাদেশের মেহেরপুরের শোলমারী এলাকা দিয়ে প্রবেশ করে ভৈরবে পড়ত। পঞ্চাশের দশকে ভারতের হাগনাগাড়ি এলাকায় বাঁধ নির্মাণের ফলে জলঙ্গীর পানি ভৈরবে ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে পদ্মার পানি মাথাভাঙ্গা নদী হয়ে চুয়াডাঙ্গার সুবলপুর এলাকা দিয়ে ভৈরবে প্রবেশ করত। কিন্তু ১৮৬১ সালে দর্শনায় সংকীর্ণ রেলসেতু নির্মাণের ফলে দ্বিতীয় এ সংযোগ দিয়েও ভৈরবে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে থাকে। এরপর দর্শনায় কেরু চিনিকল স্থাপনের জন্য ১৯৩৮ সালে ভৈরব নদের একটি বাঁক ভরাট করে দেওয়া হয়। ১৯৬০ সালের দিকে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের আওতায় নবগঙ্গা নদীতে স্লুইসগেট নির্মাণের কারণেও ভৈরবের পানিপ্রবাহ কমে যায়। এভাবে একপর্যায়ে ভৈরব উজান থেকে আসা স্বাভাবিক পানির প্রবাহ একেবারেই হারিয়ে ফেলে। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৭৯ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদ পুনঃখনন করা হয়। ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির নেতারা সে সময় বারবার পদ্মার পানি ভৈরবে আনার জন্য মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরবের সংযোগ করে দেওয়ার দাবি তুললেও তা করা হয়নি। ফলে ২৭৯ কোটি টাকা ব্যয় হয়ে যাওয়ার পরও ভৈরবকে বাঁচানো যায়নি। নদটি আবার বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। শহর অংশে কচুরিপানায় ভর্তি হয়ে ভরাট হয়ে যাচ্ছে। পানি পচে দূষিত হয়ে কালো রূপ ধারণ করেছে। পরিবেশ অধিদপ্তরের এক সমীক্ষায় ভৈরব নদের যশোর শহরের দড়াটানা অংশের পানিতে দ্রবীভূত অক্সিনের মাত্রা পাওয়া গেছে মাত্র ৩.৮১; যেখানে জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য দ্রবীভূত অক্সিজের আদর্শ মাত্রা প্রতি লিটারে ৫ মিলিগ্রাম বা তার বেশি হওয়া প্রয়োজন।

যশোর শহরেই জন্ম সাদিয়া মনোয়ারা ঊষার। এই শহরের মাঝ দিয়ে প্রবাহিত ভৈরব নদের তীরে কেটেছে তাঁর শৈশব, কৈশোর। আজকের মৃতপ্রায় ভৈরব দেখে যশোরবাসীর মতো তাঁর হৃদয়েও হাহাকার ওঠে। ঊষা খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে আছেন। কর্মজীবনের ফাঁকে জন্মস্থান এলে ভৈরবের করুণ দৃশ্য তাঁকে ব্যথিত করে। ফেসবুকে নিজের ইচ্ছার কথা জানানোর পরই টের পান তাঁর সঙ্গে আরও অনেকেই যুক্ত হবেন। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর সকালে ভৈরব পাড়ে হাজির হন অর্ধশতাধিক তরুণ-তরুণী। নেমে পড়েন দুর্গন্ধযুক্ত কালো পচা পানিতে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছে সেই কাজ। ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু জীবনযাত্রার পরিবর্তন ও ওষুধই যথেষ্ট নয়, সুন্দর পরিবেশেরও প্রয়োজন। কচুরিপানামুক্ত করে ভৈরব নদের আকাশ ও চাঁদের প্রতিবিম্ব দেখার যে স্বপ্ন দেখেছিলাম, তাতে এখন শামিল হয়েছেন অনেক মানুষ। পথটা অনেক কঠিন, আমরা আশা ছাড়ছি না।’ ঊষার এই উদ্যোগের সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নিচ্ছেন। স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতাল, ক্লিনিকের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে পানিতে। তার পরও ঊষার এই উদ্যোগে শামিল হয়েছি।’ ব্লাস্ট যশোরের সমন্বয়কারী মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘প্রশাসনের দায়সারা কাজের কারণেই নদটির আজ এই অবস্থা। ঊষার এই উদ্যোগ দেখে বাড়ি থাকতে পারিনি, তার সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়েছি।’

কচুরিপানা অপসারণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যশোর পৌরসভার পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘এটা প্রশংসনীয় কাজ। ভৈরব নদে বর্জ্য ফেলা বন্ধ ও নদটির পরিচ্ছন্নতা কার্যক্রমে যশোর পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে।’ এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে বলে জানান তিনি। ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ বলেন, ‘কচুরিপানায় ভৈরব নদ ভরে যাচ্ছে এটা অবশ্যই একটা সমস্যা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের কাজটিও প্রশংসনীয়। ভৈরবকে বাঁচাতে হলে এর সঙ্গে মাথাভাঙ্গা নদীর সংযোগ করে পদ্মার পানি আনতে হবে। কচুরিপানার ওপর বেশি ফোকাস করে ভৈরব নদের আসল সমস্যা থেকে যেন আমরা দূরে সরে না যাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights