পটুয়াখালী থেকে অপহৃত স্কুলছাত্রী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মাত্র ১০ ঘণ্টার মধ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মো. শাহা জামাল (৪১) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, গত শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি থানার শ্রীরামপুর এলাকায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী চিপস কিনতে বের হলে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা দুমকি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করে এসআরবি।
গ্রেপ্তারকৃত শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
