বিআরটি বাতিলের দায় নিয়ে এডিবির সঙ্গে বৈঠক আজ
শাহেদ আলী ইরশাদ
বছরের পর বছর বিলম্ব ও ব্যয় বৃদ্ধির পর বিমানবন্দর-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্তের আর্থিক ও প্রশাসনিক প্রভাব নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনায় বসছে সরকার। আজ ঢাকায় অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় প্রকল্প পর্যালোচনা বৈঠকে এ বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে বাস্তবায়নে ধীরগতির ও সমস্যাগ্রস্ত অন্তত ২০টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে বিআরটি প্রকল্প বাতিলের ফলে ইতোমধ্যে ছাড় করা ঋণের অর্থের অবস্থা, বিদ্যমান চুক্তিগত দায়বদ্ধতা এবং অব্যবহৃত ঋণের অর্থের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অন্যান্য প্রকল্পের বাস্তবায়ন বিলম্বের কারণ চিহ্নিত করে কাজের গতি বাড়ানোর উপায় নির্ধারণ করা হবে।
এডিবি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের সফররত মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা এবং ইআরডির এডিবি উইংয়ের প্রধান যৌথভাবে বৈঠকে সভাপতিত্ব করবেন।
ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে এডিবির অর্থায়নে প্রায় ১১ দশমিক ০২ বিলিয়ন ডলার ব্যয়ে ৪৯টি প্রকল্প চলমান। এর মধ্যে ধীরগতির বাস্তবায়নের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ এবং খুলনা ওয়াসার প্রকল্পও বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে।
এডিবির অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর পাশাপাশি দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্পের লাইন-৫ সাউদার্ন রুট, সাসেক ঢাকা-উত্তর-পশ্চিম করিডর সড়ক প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং সুরমা নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনায় আসতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে বিলম্বের কারণ, আগের বৈঠকে নেওয়া সংশোধনমূলক পদক্ষেপের অগ্রগতি এবং কাজ দ্রুত এগিয়ে নিতে সরকার ও এডিবির করণীয় নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে প্রকল্পের সমস্যাগুলো ব্যাখ্যা করার পাশাপাশি তা সমাধানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। চলতি বছর অনুষ্ঠিত আগের দুটি ত্রিপক্ষীয় প্রকল্প পর্যালোচনা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে। আজকের বৈঠকের জন্য অন্তত ২০টি প্রকল্পকে ধীরগতির ও সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৈঠকে বিআরটি প্রকল্প বাতিলের বিষয়টি বিশেষ তাৎপর্য পাচ্ছে। দীর্ঘদিন ধরে বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে। ইতোমধ্যে ছাড় করা অর্থের ব্যবহার, চুক্তিগত দায়বদ্ধতা এবং অব্যবহৃত ঋণের অর্থ কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে সরকার ও এডিবির মধ্যে আলোচনা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অর্থায়নে নেওয়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা শুধু উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে না, এর ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, বাস্তবায়নের মেয়াদ বারবার বাড়ানো এবং বৈদেশিক ঋণের অর্থছাড়েও ধীরগতি দেখা দেয়। এ কারণে প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা বৈঠকের অন্যতম লক্ষ্য।
সরকারের পক্ষে বৈদেশিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে থাকা ইআরডি এডিবি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রকল্পভিত্তিক সমস্যা সমাধান এবং বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নেবে।
পরিবহন, জ্বালানি, নগর অবকাঠামো, পানি সরবরাহ, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী এডিবি। ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে ২ দশমিক ৫২ বিলিয়ন ডলারের সহায়তা ছাড় করেছে সংস্থাটি। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আর ২০২২-২৩ অর্থবছরে ছাড় হয়েছিল ১ দশমিক ৭৮৭ বিলিয়ন ডলার।
বিআরটির মতো বড় অবকাঠামো প্রকল্প বাতিলের প্রেক্ষাপটে প্রকল্প প্রস্তুতি, বাস্তবায়ন সক্ষমতা এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়নের কার্যকর ব্যবহার নিয়ে আলোচনাও গুরুত্ব পাবে আজকের বৈঠকে।
