আলুর দখলে ৪২৮ হিমাগার অবহেলায় অন্য পণ্য
ইমরান চৌধুরী
দেশে কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার বা কোল্ড স্টোরেজ অবকাঠামোর বড় ঘাটতি রয়েছে। বর্তমানে দেশে ৪৫০টির মতো হিমাগার থাকলেও এর প্রায় ৯৫ শতাংশই (প্রায় ৪২৮টি) ব্যবহৃত হচ্ছে আলু সংরক্ষণের কাজে। ফলে শাকসবজি, পেঁয়াজ, আমসহ অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের জন্য কার্যকর কোল্ড চেইনব্যবস্থা গড়ে ওঠেনি। এতে উৎপাদনের পর সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হচ্ছে। কৃষিপণ্যের ফসল তোলার পরবর্তী ক্ষতি কমাতে কোল্ড চেইন অবকাঠামো ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের খাদ্যব্যবস্থায় ফসল তোলার পরবর্তী ক্ষতি (পোস্ট হারভেস্ট লস) একটি বড় সমস্যা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিমাপ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ২০২৪ সালের হিসাবে, খামার থেকে পাইকারি পর্যায় পর্যন্ত বছরে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের খাদ্যশস্য ও পচনশীল পণ্য নষ্ট হয়। এর পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ টন।
জিইডি তাদের প্রতিবেদনে পণ্যভিত্তিক ক্ষতির চিত্রও তুলে ধরেছে। এতে দেখা যায়, দেশে ফসল তোলার পরবর্তী পর্যায়ে চালের ক্ষতির হার ১২ শতাংশ। মাড়াই, শুকানো ও সংরক্ষণের সময় এ ক্ষতি হয়। আলু ও শাকসবজির ক্ষেত্রে ক্ষতির হার ২৫ শতাংশ করে। সংরক্ষণ, পরিবহন ও নাড়াচাড়ার সময় এসব পণ্য নষ্ট হয়। অন্যদিকে পিঁয়াজ ও আমের ক্ষতির হার ৩৫ শতাংশ করে। সংরক্ষণ, আর্দ্রতা, পরিবহন এবং কোল্ড চেইনব্যবস্থার অভাবকে এসব ক্ষতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, দেশে হিমাগার থাকলেও সেগুলোর অধিকাংশই আলু সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। বেশির ভাগ পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও বিনিয়োগের অভাব রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে গ্রামীণ পর্যায়ে বহুমুখী হিমাগার এবং আধুনিক কোল্ড চেইনব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিশেষ করে উৎপাদন এলাকার কাছাকাছি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুবিধা নিশ্চিত করা গেলে কৃষক পণ্য নষ্ট হওয়ার ভয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হবেন না। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন, ভোক্তাদের জন্য সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কৃষিপণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষি অর্থনীতিও শক্তিশালী হবে। এদিকে সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে গ্রামীণ এলাকায় কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
