পর্তুগিজ ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে বোর্নমাউথ
অনলাইন ডেস্ক
নতুন মৌসুমের আগে নিজেদের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে পর্তুগালের ডিফেন্ডার আন্তোনিও সিলভাকে দলে ভিড়িয়েছে বোর্নমাউথ। শনিবার(১ আগস্ট) বেনফিকা থেকে প্রিমিয়ার লিগের এই দলটিতে যোগ দেন এই পর্তুগিজ ফুটবলার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলের জন্য বোর্নমাউথকে প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড (৩৫ মিলিয়ন ডলার) খরচ করতে হয়েছে। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার মার্কোস সেনেসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন; সেনেসি ‘ফ্রি ট্রান্সফার’-এ বোর্নমাউথ ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন।
বেনফিকার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩৫টি ম্যাচ খেলেছেন সিলভা। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটিকে শিরোপা জয়ে সহায়তা করার সুবাদে তিনি পর্তুগিজ প্রিমেইরা লিগের ‘ডিফেন্ডার অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা ডিফেন্ডারের স্বীকৃতি পেয়েছিলেন। এছাড়া গত বছর নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেও তিনি ছিলেন।
বোর্নমাউথের ফুটবল কার্যক্রম বিষয়ক প্রেসিডেন্ট টিয়াগো পিন্টো বলেছেন, মাত্র ২২ বছর বয়সী হলেও সিলভা ইউরোপের অন্যতম বড় একটি ক্লাবে ইতোমধ্যেই অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন। গত মৌসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের সুবাদে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বোর্নমাউথ ২৩ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে।
এদিকে বোর্নমাউথ যোগদানের পর এক প্রতিক্রিয়ায় সিলভা বলেন, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বোর্নমাউথ এবং প্রিমিয়ার লিগের হয়ে খেলতে পারাটা দারুণ ব্যাপার। সতীর্থদের সঙ্গে মৌসুম শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের মানসিকতা সবসময়ই জয়ের।
তিনি আরও বলেন, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সমর্থকদের জন্য খেলব। মাঠে ভালো পারফর্ম করার জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে রয়েছে।
