নাটোরে ভেজাল ওষুধ তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৩
নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, কাঁচামাল এবং ওষুধ তৈরির বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ সুপার জানান, সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে প্রায় এক বছর ধরে যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য প্রায় ৪০ ধরনের অনুমোদনহীন ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করা হচ্ছিল। ‘এসকে নিউট্রিশন’ ও ‘অর্গানিক বায়ো কেয়ার সলিউশন’ নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে এসব পণ্যের প্রচার ও বিক্রি করা হতো।
প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে এসব ওষুধ বিক্রি করে চক্রটি বছরে আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করত।
শনিবার রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত খোকন মিয়া (২৮), তার সহযোগী শরিফুল ইসলাম (২৮) ও তারিকুল ইসলাম (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ক্যাপসুল তৈরির একাধিক মেশিন, ডাই মেশিন, কম্প্রেসার, প্যাকেজিং মেশিনসহ বিভিন্ন উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া প্রায় ২৫০ কেজি প্রস্তুত ক্যাপসুল, কাঁচামাল, বিভিন্ন ধরনের ক্রিম, ওষুধ এবং বিপুল পরিমাণ প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
