পুকুরে আছড়ে পড়ল ভারতীয় প্রশিক্ষণ বিমান
অনলাইন ডেস্ক
আকাশে চলছিল নিয়মিত উড্ডয়ন মহড়া। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে নিচের দিকে নামতে শুরু করে একটি ভারতীয় প্রশিক্ষণ বিমান। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করা বিমানটি শেষ পর্যন্ত পাশের একটি পুকুরে গিয়ে আছড়ে পড়ে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসন ও ভারতীয় বিমানবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যবশত, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগে দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
বুধবার ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই দুর্ঘটনা ঘটে। বিমানবাহিনীর সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে দুই পাইলট দ্রুত বিমান থেকে ঝাঁপ দেন। চালকবিহীন বিমানটি এরপর লোকালয় সংলগ্ন একটি বড় পুকুরে গিয়ে পড়ে।
এই ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। পুকুরে পতিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থল নিরাপদ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুকুরের পানিতে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছু অংশে আগুন জ্বলছিল। অন্য একটি ভিডিওতে পাইলটদের আকাশ থেকে প্যারাস্যুটে নিরাপদে নেমে আসার দৃশ্যও দেখা গেছে।
এই দুর্ঘটনার ফলে ভারতে সামরিক প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এর আগে চেন্নাইয়ের তাম্বারামের কাছে প্রশিক্ষণ মিশনে থাকা একটি পিলাটাস পিসি-৭ বিমান বিধ্বস্ত হয়। একই বছরের মার্চে হরিয়ানার পাঞ্চকুলার কাছে কারিগরি ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছিল।
সূত্র: এনডিটিভি
