পোষা বিড়ালের মৃতদেহ নিয়ে থানায় মালিক, প্রতিবেশীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।

শামশুল আলম (৫৪) চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী।

শামশুল আলমের দুটি পোষা বিড়াল আছে। গতকাল সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তার পিছু নেয়। সে সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তার বিড়ালটিকে আক্রমণ করে। শামশুল কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা লাঠি দিয়ে পিটিয়ে তার বিড়ালটিকে হত্যা করেছেন।

শামশুল আলম বলেন, ‘বিড়ালগুলো আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণির প্রতি এমন নির্দয় আচরণ করার সাহস না দেখায়।’

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণি হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights