টঙ্গীতে ভেজালবিরোধী অভিযানে সাড়ে পাঁচলাখ টাকা জরিমানা
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে সাড়ে পাঁচলাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা এবং জামাই বাজার এলাকার সারা তানভির ফুডসের মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১ উত্তরার কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইফতেখারসহ র্যাবের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
