প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৫০ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫০ জন অসচ্ছল ও সংগ্রামী নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার বোদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা।

সেলাই মেশিন পাওয়া নারীদের একজন হাসনাহেনা। সাত সদস্যের পরিবারে তার স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে যে আয় করেন, তা দিয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। নিত্যপণ্যের বাড়তি দাম ও পরিবারের নানা প্রয়োজন মেটাতে গিয়ে অপূর্ণ থেকে যায় অনেক চাওয়া।

তবে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনে নিজেও কিছু করতে চান হাসনাহেনা। সেলাইয়ের কাজ শিখে আয় করে স্বামীর পাশে দাঁড়ানোর স্বপ্ন রয়েছে তার। বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিন সেই স্বপ্ন পূরণের পথে নতুন সুযোগ তৈরি করেছে।

হাসনাহেনার মতো আরও ৪৯ জন নারী পেয়েছেন সেলাই মেশিন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে নিজের আয়ে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন।

কিন্তু আর্থিক সংকটের কারণে সেলাইয়ের কাজ শুরু করার প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছিলেন না। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাদের সেই সুযোগ করে দিয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় নারীদের স্বাবলম্বী করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হবে, নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবে।

তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন বলেন, একজন নারী স্বাবলম্বী হলে শুধু তার নিজের জীবন নয়, একটি পরিবারের ভবিষ্যৎও বদলে যায়। ৫০ জন নারীর হাতে তুলে দেওয়া সেলাই মেশিন তাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে উঠবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল পরিবারগুলো দীর্ঘদিন পাবে বলে তারা আশা করেন। জন্মদিন উদ্‌যাপনের অর্থবহ উপায় হলো মানুষের কল্যাণে কাজ করা। বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য শুধু সহায়তা দেওয়া নয়, মানুষকে এমনভাবে স্বাবলম্বী করে তোলা, যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights