প্রিন্ট ভার্সন প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব বাস্তবায়নে পাঁচ চ্যালেঞ্জ

তনিমা রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচ প্রস্তাব বাস্তবায়নে অর্থায়ন, সুশাসন, প্রযুক্তি হস্তান্তর ও রাজনৈতিক প্রভাব মোকাবিলাসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ আদায়, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ-ত্রাণ সুবিধা নিশ্চিত করা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার প্রস্তাবগুলো বাস্তবায়নে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে অর্থের স্বচ্ছ ব্যবহার, প্রকল্পের কার্যকারিতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। অথচ আন্তর্জাতিক জলবায়ু তহবিলের বড় অংশ ব্যয় হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ও প্রযুক্তি উন্নয়নে। অভিযোজন খাতে বরাদ্দ রয়েছে মাত্র ১০ থেকে ২০ শতাংশ। এ অর্থায়ন ৫০ শতাংশে উন্নীত হলে বাংলাদেশের সরকার ও অভিযোজন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর অর্থ পাওয়ার সুযোগ বাড়বে।

তিনি বলেন, অর্থায়ন বাড়ানোর পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। জলবায়ু তহবিলের অর্থের অপচয় ও অপব্যবহার রোধে কার্যকর নজরদারি ও জবাবদিহি থাকতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের আগাম সতর্কব্যবস্থা, চিকিৎসাসক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও প্রয়োজন।

সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ানো এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

পানি ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলোতে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান প্রতিফলিত হয়েছে। তবে এগুলো বাস্তবায়নে দেশে বড় দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন প্রকল্পে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, অভিযোজন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প পরিবেশবান্ধবভাবে পরিচালনা জরুরি। এসব ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা জবাবদিহির ঘাটতি।

তিনি বলেন, অর্থের স্বচ্ছ ব্যবহার ও প্রকল্পের বাস্তব ফল নিশ্চিত না হলে অভিযোজন খাতে বরাদ্দ বাড়িয়েও কাক্সিক্ষত সুফল পাওয়া যাবে না। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সিমেন্ট উৎপাদন, ইটভাটা ও পোশাকশিল্পের বর্জ্য দূষণ কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব। ইটের বিকল্প হিসেবে স্যান্ড-সিমেন্ট ব্লক বা ক্লে ব্লক ব্যবহার এবং পোশাকশিল্পের বর্জ্য পুনর্ব্যবহারে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। কিন্তু ইটভাটার মালিকদের রাজনৈতিক প্রভাবের কারণে বিকল্প প্রযুক্তির ব্যবহার এগোচ্ছে না। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রস্তুতি ও দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির বলেন, অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর ও ন্যায্য জ্বালানি রূপান্তরের উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি। শুধু অর্থ বরাদ্দ বা প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি যথেষ্ট নয়। অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, প্রকল্পের মাধ্যমে কতটা সুফল পাওয়া যাচ্ছে এবং উদ্যোগগুলো কতটা কার্যকর হচ্ছে, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু মোকাবিলায় স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights