ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন দেশটির কিংবদন্তি জুডো তারকা টেডি রিনার। পাঁচবারের বিশ্ব হেভিওয়েট জুডো চ্যাম্পিয়ন ও পাঁচটি অলিম্পিক স্বর্ণপদকজয়ী এই ক্রীড়াবিদের পেছনে নেই কোনো রাজনৈতিক দল। সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতাও নেই তাঁর। তারপরও আগামী এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ৩৭ বছর বয়সী রিনার।

ক্যারিবীয় দ্বীপাঞ্চল গুয়াদেলুপে জন্ম নেওয়া রিনার এখন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী স্লোগান ‘আমাদের প্রিয় ফ্রান্স’। তবে এখন পর্যন্ত কোনো নির্বাচনী ইশতেহার প্রকাশ করেননি এই জুডো তারকা।

রিনারের প্রার্থিতার ঘোষণায় ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এক্স ও ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর ঘোষণার ভিডিওটি ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ দেখেছেন। ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আইফপের এক জনমত জরিপে প্রায় ২২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা রিনারকে ভোট দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।

রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও রিনারের জনপ্রিয়তাকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকেরা। অলিম্পিকে পাঁচটি স্বর্ণপদক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি শিরোপা জয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল তিনি।

তবে জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করাই হবে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবনযাত্রার ব্যয়, পেনশন সংস্কার, শিক্ষা, সরকারি ঋণ, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো নিজের বিস্তারিত অবস্থান তুলে ধরেননি তিনি।

রাজনৈতিক অবস্থানের দিক থেকে রিনার নিজেকে বাম বা ডানপন্থি—কোনো শিবিরেই রাখতে চান না। তাঁর বক্তব্য, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষের হাতে অর্থ ফিরিয়ে দেওয়া এবং বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই তাঁর লক্ষ্য।

তবে ফ্রান্সের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপন্থি রাজনীতির জায়গাটি ইতোমধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ও গ্যাব্রিয়েল আতালসহ একাধিক নেতা এই অবস্থান থেকে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন। ফলে রিনারের জন্য রাজনৈতিক জায়গা তৈরি করা সহজ হবে না।

অন্যদিকে তাঁর প্রার্থিতাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। কট্টর বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ মন্তব্য করেছেন, ‘ডানও নয়, বামও নয়—এর অর্থ হলো, বাম নয়।’

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রিনারকে ‘একজন মহান চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছেন। তবে ম্যাক্রোঁর সমর্থক হিসেবে তাঁকে দেখার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন রিনার। তাঁর ভাষ্য, তিনি প্রেসিডেন্টের কোনো প্রতিনিধি নন এবং ম্যাক্রোঁপন্থীও নন।

ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে রিনারের আবির্ভাবকে আপাতত বড় চমক হিসেবেই দেখা হচ্ছে। তবে ক্রীড়াঙ্গনের সাফল্য রাজনৈতিক নেতৃত্বে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়। নির্বাচনী প্রচারে নিজের নীতি, পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে না পারলে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights