বগুড়ায় আড়াই বছরে ২৪ হাজার বিবাহবিচ্ছেদ
আবদুর রহমান টুলু, বগুড়া
যে সোনার সংসার গড়ার স্বপ্ন নিয়ে দুই হাত এক হয়েছিল, সেটিই ভেঙে যাচ্ছে অল্প দিনের ব্যবধানে। কারও স্বপ্ন ভাঙছে স্বামীর নির্যাতনে, কারও সংসারে আগুন জ্বলছে মাদকাসক্তি ও পরকীয়ায়। কোথাও যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার নিয়ে সন্দেহ ও অপরিণত বয়সে প্রেম করে বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হচ্ছে তীব্র মতবিরোধ। এভাবেই প্রতিদিন ভাঙছে একের পর এক সংসার। বগুড়ায় গত আড়াই বছরে নারী-পুরুষ মিলে ২৪ হাজার ৩১৯টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২৭টি দম্পতির সংসার ভেঙেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাল্যবিয়ে ও অপরিণত বয়সে সংসার জীবনে প্রবেশ, মাদকাসক্তি, জুয়া, পরকীয়া এবং যৌতুকের জন্য নির্যাতন বিচ্ছেদের অন্যতম কারণ। বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সি দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি। স্বামীদের নির্যাতন ও মাদকাসক্তির কারণে তালাকের আবেদনের বড় একটি অংশই আসছে নারীদের পক্ষ থেকে। অনেক ক্ষেত্রে বিচ্ছেদের পরও নারীরা প্রাপ্য খোরপোশ বা আর্থিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বগুড়া জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আড়াই বছরে জেলায় মোট ৫৫ হাজার ৭৩৯টি বিয়ে নিবন্ধিত হয়েছে। একই সময়ে বিবাহবিচ্ছেদ বা তালাক হয়েছে ২৪ হাজার ৩১৯টি। এর মধ্যে শুধু চলতি বছরের জুন পর্যন্ত তালাক হয়েছে ৪৪৪টি। আর ২০২৪-২৫ সালে পুরুষের পক্ষ থেকে তালাক দেওয়া হয়েছে ৪ হাজার ৮২৯টি, নারীর পক্ষ থেকে ৮ হাজার ৬৪১টি এবং উভয় পক্ষের সম্মতিতে আপসের মাধ্যমে তালাক হয়েছে ১০ হাজার ৪০৫টি।
জানা যায়, আইনের চোখ ফাঁকি দিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে অনেক ক্ষেত্রে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে। এ জাতীয় অপরিণত বয়সে বিয়ের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সংসার জীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বোঝাপড়ার অভাব দেখা দেয়। সামান্য বিষয় নিয়েও বিরোধ তৈরি হয়। এ ছাড়া স্বামীর মাদকাসক্তি, জুয়া খেলা, পরকীয়া এবং যৌতুকের দাবিতে নির্যাতন যুক্ত হয়ে অনেক সংসার বিচ্ছেদের দিকে গড়াচ্ছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এ সমস্যা বেশি দেখা যায়। তবে শহরে শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীরাও নির্যাতনের শিকার হলে নিজেদের অধিকার রক্ষায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন। আগে যেখানে মাসে দুই-চারটি তালাকের নোটিস আসত, এখন অনেক কাজি অফিসে প্রতি সপ্তাহেই জমা পড়ছে অসংখ্য আবেদন।
বাল্যবিয়ের শিকার সাহেনার সংসারও টেকেনি : বাল্যবিয়ের শিকার বগুড়ার শাজাহানপুর উপজেলার সাহেনা (ছদ্মনাম)। কিশোরী বয়সেই একই গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাকে। নতুন সংসার নিয়ে নানা স্বপ্ন থাকলেও বিয়ের পর থেকেই শুরু হয় দুর্বিষহ জীবন। বিভিন্ন অজুহাতে স্বামীর মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন তিনি। দিনের পর দিন নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন সাহেনা। তারপরও স্বামীর নির্যাতন বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হন। যে বিয়ে হওয়ার কথা ছিল নতুন জীবনের সূচনা, সেই বিয়েই হয়ে ওঠে তাঁর জীবনের কষ্টের অধ্যায়। বগুড়ার পৌর কাজি অফিসের কাজি মো. আরেফ বিল্লাহ বিলু জানান, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধ, স্বামীদের মাদকাসক্তি, প্রেমে বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, জুয়া খেলা, পরকীয়া এবং যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন বিচ্ছেদের অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে তালাকের পর নারীরা যথাযথ খোরপোশও পান না। বগুড়া জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম জানান, গত আড়াই বছরে জেলায় ২৪ হাজার ৩১৯টি তালাক হয়েছে। এর মধ্যে নারীদের পক্ষ থেকে তালাকের সংখ্যাই বেশি।
