বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাফিজার নন্দীগ্রাম উপজেলার কুমিড়া গ্রামের বাসিন্দা।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, গত বুধবার হাফিজার রহমানের জ্বর আসে। তিনি শনিবার বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। ওই ক্লিনিক থেকে গত সোমবার দুপুর ২টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তার উচ্চরক্তচাপ ছিলো। মৃত হাফিজারের দেহে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিল না। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ডা. কাজল আরো জানান, হাফিজার রহমানের নাতি ঢাকার একটি স্কুলে পড়াশোনা করে। ঈদের ছুটিতে সে জ্বর নিয়ে নানাবাড়ি আসে। ধারণা করা হচ্ছে সেখান থেকে সংক্রমিত হয়েছেন হাফিজার।
জানা যায়, বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে দুইজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন। এছাড়া বগুড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights